আবনা ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে রাজ প্রাসাদের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে বাদশাহ সালমান নিরাপদে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। শনিবার রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে।
রাশিয়ান গণমাধ্যম আরটি ও ব্রিটিশ গণমাধ্যম মিরর তাদের অনলাইনে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, মুহুর্মুহু গোলাগুলি চলছে।
তবে কারা হামলা চালিয়েছে এ ব্যাপারে এখনো কিছু জানা না গেলেও বাদশাহ সালমানকে স্থানীয় বিমান ঘাঁটিতে নিরাপদ বাঙ্কারে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে।
তবে কোনো কোনো সূত্র বলেছে, এ গোলাগুলি রাজপরিবারের মধ্যেই রাজা সালমানের বিরোধী গোষ্ঠীর অভ্যুত্থান প্রচেষ্টার ফল হতে পারে। অন্য সূত্রগুলো জানিয়েছে, একটি অপরিচিত ড্রোন রাজা সালমানের প্রাসাদের কাছাকাছি চলে আসলে প্রাসাদের নিরাপত্তা রক্ষীরা এটি লক্ষ্য করে গুলি চালায়।
সৌদি রাজপ্রাসাদের কাছে গোলাগুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একজন সৌদি কর্মকর্তা দাবি করেন, একটি খেলনা ড্রোন রিয়াদের খোজামা এলাকার আকাশে আসার পর সেটি লক্ষ্য করে সেনা সদস্যরা গুলি চালায়। খোজামা এলাকায় সৌদি রাজপ্রাসাদ অবস্থিত।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় সম্প্রচারিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আকাশে একটি ড্রোন শনাক্ত করার পর সেনা সদস্যরা নির্দেশ অনুযায়ী সেটি লক্ষ্য করে গুলি চালায়। #
২২ এপ্রিল ২০১৮ - ০০:২৭
News ID: 890351
রাশিয়ান গণমাধ্যম আরটি ও ব্রিটিশ গণমাধ্যম মিরর তাদের অনলাইনে গোলাগুলির বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে।